যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই টানা তৃতীয় রাতের মতো গাজায় ভয়াবহ বিমান হামলা ও গুলিবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার রাত থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত চালানো এসব হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা ও শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদা এবং তার স্ত্রীসহ অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ধারাবাহিক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে কীভাবে পাল্টা জবাব দেওয়া যায়, তা নিয়ে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার কথা জানিয়েছে হামাস।
স্থানীয় চিকিৎসাকর্মী ও ফিলিস্তিনি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার একটি আবাসিক ভবনের অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হন। আবু নাদা হামাসের রাজনৈতিক ব্যুরোর একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং সংগঠনটির মনোনীত শিক্ষা উপমন্ত্রী ছিলেন। এর আগে গত মঙ্গলবার ও বুধবার ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের দুই শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছিলেন। সব মিলিয়ে গত তিন দিনে হামাসের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলি অভিযানে প্রাণ হারালেন। এছাড়া গাজা সিটির তুফাহ এলাকা, আল-শাতি (বিচ) শরণার্থীশিবির এবং শেখ রাদওয়ান এলাকায় চালানো পৃথক বিমান হামলায় আরও সাতজন নিহত হন এবং পূর্ব বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে ৬২ বছর বয়সী এক ফিলিস্তিনি বৃদ্ধ প্রাণ হারান।
হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, হামাসের সদস্য ও শীর্ষ নেতৃত্বকে নির্মূল করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। গত এক মাসে ইসরায়েল হামাসের প্রায় ৮০ জন যোদ্ধাকে হত্যা করেছে দাবি করে তিনি হুঁশিয়ারি দেন যে, হামাসের কোনো নেতাই ইসরায়েলি বাহিনীর নাগালের বাইরে থাকতে পারবেন না। অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহত খালেদ আবু নাদা হামাসের অর্থনৈতিক কার্যক্রম, ব্যাংকিং ও বিনিয়োগ নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং সশস্ত্র কার্যক্রমে তহবিল জোগাতেন; তার মৃত্যুতে সংগঠনটির আর্থিক ও সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়বে।
এদিকে হামাস তাদের এই জ্যেষ্ঠ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, একজন শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের আবাসিক ভবনে হামলা চালানো ইসরায়েলের একটি ‘জঘন্য অপরাধ’ এবং যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বৃহস্পতিবার হামাসপ্রধান খলিল আল-হাইয়া কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যুদ্ধবিরতি চুক্তির আড়ালে ইসরায়েলের এই অব্যাহত হত্যা ও অবরোধের নীতি তার সংগঠন আর সহ্য করার অবস্থায় নেই। হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ও চুক্তির জামিনদারদের নীরবতাকে দায়ী করে তিনি জানান, ইসরায়েলি আগ্রাসনের জবাব কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে ফিলিস্তিনের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে শিগগিরই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্তব্য করুন