দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ জেলায় মোট ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। জেলাভিত্তিক মোতায়েনের তথ্যানুযায়ী, সর্বোচ্চ ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এছাড়া ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন এবং গাজীপুরে ১৮ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, কক্সবাজারে ৭ প্লাটুন এবং চট্টগ্রামে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এর বাইরে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও ৪ প্লাটুন বিজিবি সদস্যকে সার্বক্ষণিক প্রস্তুত (স্ট্যান্ডবাই) রাখা হয়েছে।
বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, সরকারি-বেসরকারি স্থাপনা এবং স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন এবং সদস্যদের সঙ্গে থাকা বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন