রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনতাইয়ের সময় টানে রাস্তায় পড়ে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহত হওয়ার ঘটনায় মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। গ্রেফতারকৃত মূল আসামির নাম মো. পনি ওরফে ‘প্যারা পনি’। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয় এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। চোখের চিকিৎসার জন্য গত শুক্রবার রাতে তিনি তার স্বামী আব্দুল মতিনের সাথে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। শনিবার (২৯ আগস্ট, ২০২৬) ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে তারা একটি রিকশাযোগে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের রাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী পেছন থেকে রনজিনার ভ্যানিটি ব্যাগ ধরে হেঁচকা টান দেয়।
ছিনতাইকারীদের আকস্মিক টানে রনজিনা পারভীন চলন্ত রিকশা থেকে পিচঢালা রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর ছায়াতদন্ত শুরু করে র্যাব এবং ২৪ ঘণ্টার মধ্যে মূল অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয় ।
মন্তব্য করুন