অন্তর্বর্তী সরকারের সময়কালে হামের টিকা কেনা ও বিতরণে চরম অবহেলা, প্রশাসনিক ব্যর্থতা এবং অনিয়মের অভিযোগ তদন্তে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুযায়ী এই তদন্ত কমিশন গঠন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে এই কমিশনের সভাপতি করা হয়েছে। কমিশনের অন্য দুই সদস্য হলেন—বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মইনুল ইসলাম। ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে টিকাদান কর্মসূচিতে কেন এবং কার অবহেলায় এমন স্থবিরতা তৈরি হলো, তা উদঘাটন করাই এই কমিশনের মূল লক্ষ্য।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে হামের টিকা সংগ্রহে বিলম্ব ও বিতরণে চরম অব্যবস্থাপনার কারণে জনস্বাস্থ্যের ওপর যে মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে, তার প্রকৃত কারণ ও দায়-দায়িত্ব নির্ধারণ করবে এই কমিশন। তদন্তের স্বার্থে এই কমি রহমানকে ব্যাপক আইনি ক্ষমতা দেওয়া হয়েছে; যার অধীনে তারা দেশের যেকোনো স্থান সরাসরি পরিদর্শন করতে পারবেন এবং সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সশরীরে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবেন। প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন এবং নীতিগত সুপারিশ জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি তথ্য মতে, সময়মতো শিশুদের হামের টিকা না দেওয়ায় দেশে চলমান প্রাদুর্ভাবে ৫ বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইতিমধ্যে ১ হাজার ২৬৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এই ব্যাপক প্রাণহানির পেছনে দায়ী প্রশাসনিক ও নীতিগত ব্যর্থতা চিহ্নিত করে ভবিষ্যতে এমন সংকট এড়াতে এই কমিশন কাজ করবে।
মন্তব্য করুন