সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিসংবলিত একটি পোস্টে ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’ মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হওয়া মো. আবু বকর সিদ্দিক (২২) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ২৫ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক সারাহ্ ফারজানা হক তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই রিমান্ড আদেশ দেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী এক রাষ্ট্রীয় সফরে রাজশাহী যান। বিমানবন্দর থেকে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে করে শহরে প্রবেশ করেন। ২১ অক্টোবর ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রীর সেই বাসের ছবি পোস্ট করে বুলেটপ্রুফ বাসের পরিবর্তে সাধারণ বাস ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্নাইপার সংক্রান্ত ওই চরম উসকানিমূলক মন্তব্যটি করেন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ রাজশাহীর পবা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এরপর রাজধানীর রমনা থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
রিমান্ড শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অভিযুক্ত যুবক আবু বকর সিদ্দিক বিচারকের প্রশ্নের জবাবে নিজের দোষ স্বীকার করে বলেন, “এমনি করেছিলাম। কোনো উদ্দেশ্য ছিল না, মজা করেছিলাম। এটা আমার ভুল হয়েছে।“ তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং তদন্ত কর্মকর্তা আদালতে যুক্তি দেখান যে, দেশের সরকারপ্রধানের নিরাপত্তা ও জীবন নিয়ে এই ধরনের মন্তব্যকে কেবল সাধারণ রসিকতা বা অবহেলা হিসেবে দেখার সুযোগ নেই। এই ঘটনার পেছনে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, উগ্রবাদী সংগঠন, স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্র কিংবা কোনো আন্তর্জাতিক মাস্টারমাইন্ডের সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখতে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন