চাঁদার টাকা না দেওয়ায় একটি শীর্ষস্থানীয় কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর গত ২৩ দিনে অন্তত ১৫ বার সুসংগঠিত হামলা চালানো হয়েছে। রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান ওয়্যারহাউস, শাখা কার্যালয় এবং চলন্ত পণ্যবাহী গাড়িকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালাচ্ছে একদল দুর্বৃত্ত। এই নজিরবিহীন ও ধারাবাহিক হামলায় কুরিয়ার সার্ভিসটির অন্তত ৬ জন কর্মী গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে পেট্রলবোমায় দগ্ধ একজনের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। ৫ হাজার কর্মী নিয়ে পরিচালিত এই বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি পণ্য পরিবহন ও সরবরাহ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মামলার এজাহার ও ভুক্তভোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৮ অক্টোবর রাতে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই ব্যক্তি হাজারীবাগে প্রতিষ্ঠানটির কার্যালয়টি দখল করে নেওয়ার হুমকি দেয়। এরপর ২০ অক্টোবর সন্ধ্যায় প্রায় ৭০ থেকে ৮০ জন সশস্ত্র সন্ত্রাসী ৩৫-৪০টি মোটরসাইকেলে করে এসে সেখানে তাণ্ডব চালায়। হামলাকারীরা নিজেদের পুলিশের তালিকায় থাকা এক শীর্ষ সন্ত্রাসীর লোক পরিচয় দিয়ে ওয়্যারহাউসের জমিটি তাদের দাবি করে এবং জমির মাসিক ভাড়া মূল মালিকের বদলে তাদের দেওয়ার জন্য চাপ দেয়। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা, এনভিআর এবং গুরুত্বপূর্ণ নথিপত্রসহ প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর মামলা করা হলে মামলার বাদী ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ফোনে কল করে ২৪ ঘণ্টার মধ্যে সমঝোতা না করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
প্রথম হামলার পর থেকে দেশের বিভিন্ন স্থানে কোনো এক অদৃশ্য ইশারায় প্রতিষ্ঠানটির চলন্ত গাড়িতে একের পর এক পেট্রলবোমা নিক্ষেপ ও ভাঙচুর চালানো হচ্ছে। গত ৩১ অক্টোবর রাতে ঢাকার মেয়র হানিফ উড়ালসড়ক, মৎস্য ভবন মোড় ও রায়েরবাগে একসঙ্গে তিনটি গাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। এরপর ৩ নভেম্বর মিরপুর-১১ নম্বরে ককটেল বিস্ফোরণ এবং ৫ নভেম্বর রায়েরবাজার কৃষি মার্কেটের সামনে একটি কাভার্ড ভ্যানে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়। সর্বশেষ গত ৭ নভেম্বর রাতে জিগাতলা এলাকায় ৭-৮টি মোটরসাইকেলে এসে পণ্যবাহী গাড়ির গতি রোধ করে চালককে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এই হামলার ধরন দেখে স্পষ্ট যে, কোনো টাকা-পয়সা বা মোবাইল ফোন ছিনতাইয়ের উদ্দেশ্য নয়, বরং প্রতিষ্ঠানটিকে পঙ্গু করে দেওয়াই অপরাধীদের মূল লক্ষ্য। এই ঘটনায় এ পর্যন্ত ৫টি মামলা ও ৩টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আসলে নেপথ্যে কারা?
হামলাকারীরা বারবার এক শীর্ষ সন্ত্রাসীর নাম সামনে আনলেও পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, এর নেপথ্যে রয়েছে কোটি টাকার জমি দখল এবং ঢাকার একটি বড় চাঁদাবাজি সিন্ডিকেট। ওই শীর্ষ সন্ত্রাসী বর্তমানে দেশের বাইরে আত্মগোপনে থাকলেও তার নাম ব্যবহার করে স্থানীয় কিছু রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, ভূমিদস্যু ও মাঠপর্যায়ের গডফাদাররা এই পুরো সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে কলকাঠি নাড়ছে। পুলিশ এই ধারাবাহিক হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে। সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে সরাসরি ওই শীর্ষ সন্ত্রাসীর কোনো সম্পৃক্ততার তথ্য মেলেনি। তবে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সরাসরি নির্দেশদাতা হিসেবে তিনজনের নাম পাওয়া গেছে, যারা তথ্যপ্রযুক্তির এনক্রিপ্টেড (গোপন) মাধ্যম ব্যবহার করে মাঠপর্যায়ের সন্ত্রাসীদের নির্দেশনা দিচ্ছিল। ঘটনার পরই ওই তিন পরিকল্পনাকারী গা ঢাকা দেওয়ায় এবং এনক্রিপ্টেড প্রযুক্তি ব্যবহারের কারণে তাদের অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সংবদ্ধ হামলার তীব্র নিন্দা জানিয়ে মূল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে, অন্যথায় একটি সফল ব্যবসাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।
মন্তব্য করুন