বাংলাদেশে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে আসা চীনা নৌবাহিনীর দুটি আধুনিক যুদ্ধজাহাজ ‘থাং শান’ (Tangshan) ও ‘দা ছিং’ (Daqing) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে অবস্থানরত এই জাহাজ দুটিতে তারা পরিদর্শনে যান এবং সেখানে তাদের সশস্ত্র সালাম ও ঐতিহ্যবাহী নৌ-অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান যুদ্ধজাহাজগুলোর বিভিন্ন অংশ ও ডেকে ব্যবহৃত সর্বাধুনিক সামরিক প্রযুক্তি, যুদ্ধাস্ত্র এবং উন্নত নৌ সরঞ্জাম পর্যবেক্ষণ করেন। একই সাথে তারা সফরকারী জাহাজের কমান্ডিং অফিসার ও নৌ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক মতবিনিময় সভায় মিলিত হন, যেখানে দুই দেশের নৌবাহিনীর মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, যৌথ সামরিক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সফল পরিদর্শন শেষে জানানো হয় যে, শুভেচ্ছা সফর শেষ করে চীনা জাহাজগুলো বাংলাদেশের জলসীমা ত্যাগ করার সময় বাংলাদেশ নৌবাহিনীর সাথে একটি যৌথ সমুদ্র মহড়া বা পাসএক্স (PASSEX)-এ অংশ নেবে।
মন্তব্য করুন