ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে সহযোগিতার অভিযোগে ভারতের চারটি কোম্পানি এবং তিনজন নাগরিকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর (ডিপার্টমেন্ট অব দ্য ট্রেজারি) এবং পররাষ্ট্র দপ্তর যৌথভাবে এই পদক্ষেপ নিয়েছে। মূলত ইরানের আয়ের প্রধান উৎসগুলো বন্ধ করতে মার্কিন সরকারের নতুন অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় বিশ্বব্যাপী ৬০টি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমুদ্রগামী নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যার মধ্যে এই ভারতীয় প্রতিষ্ঠান ও নাগরিকরা অন্তর্ভুক্ত রয়েছেন। ওয়াশিংটনের দাবি, ইরানের তেল বিক্রির অর্থ দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন আঞ্চলিক সংঘাতের অর্থায়নে ব্যবহৃত হচ্ছে, যা ঠেকাতেই এই কঠোর পদক্ষেপ।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা ভারতীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিপুল অঙ্কের ইরানি পণ্য আমদানির সুনির্দিষ্ট তথ্য দিয়েছে মার্কিন প্রশাসন। এর মধ্যে ‘সদাশিব ওভারসিজ লিমিটেড’ বিভিন্ন ইরানি কোম্পানি থেকে প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলার মূল্যের জ্বালানি পণ্য আমদানি করেছে। কাস্টমস ব্রোকার হিসেবে কাজ করা ‘পোর্টইজ পার্টনার্স এলএলপি’ ভারতে ইরানি পেট্রোকেমিক্যাল চালানের ছাড়করণে সরাসরি সহায়তা করেছে। এছাড়া ‘পিপি সফটেক প্রাইভেট লিমিটেড’ এবং ‘প্রাকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’—উভয় সংস্থাই পৃথকভাবে প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে বলে প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। এই অবৈধ বাণিজ্যের নেপথ্যে মূল ভূমিকা রাখার কারণে পোর্টইজ পার্টনার্সের দুই অংশীদার হরিশ রামচন্দ্র রাঙ্গি ও ইদ্রিসমিয়া আশরাফমিয়া শেখ এবং পিপি সফটেকের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশান্ত গর্বের (বা গর্গ) ওপরও ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের আওতাধীন এলাকায় থাকা এই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সমস্ত সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে। মার্কিন কোনো নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সাথে কোনো ধরণের আর্থিক লেনদেন করতে পারবে না। এছাড়া, বিশ্বব্যাপী অন্যান্য সংস্থাকেও সতর্ক করে বলা হয়েছে যে, ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলে তাদেরও এই ধরণের সেকেন্ডারি নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। নয়া দিল্লির জন্য এই ঘটনাটি বেশ অস্বস্তিকর, কারণ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যখন কৌশলগত সম্পর্ক জোরদার হচ্ছে, ঠিক তখনই এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হলো।
মন্তব্য করুন