বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে ২৪ জন নাবিক নিয়ে পানামার পতাকাবাহী একটি বিশাল মালবাহী জাহাজডুবির ঘটনায় ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করেছে, যার মধ্যে ১ জন বাংলাদেশি ক্রু নিখোঁজ রয়েছেন। ‘এমভি ওশান উইনার’ নামের ২২৫ মিটার দীর্ঘ এই কার্গো জাহাজটি গত ২০ আগস্ট রাত ১০টা ৪২ মিনিটে ভারতের ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে ৭২,১০০ মেট্রিক টন লৌহ আকরিক (iron ore fines) বোঝাই করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রাপথে শনিবার (২২ আগস্ট) সকাল ১১টা ৪৮ মিনিটে পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে হঠাৎ করে জাহাজটি মেরিটাইম ট্র্যাকিং সিস্টেম ও স্থলভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাঝসমুদ্রে তলিয়ে যায়।
ক্রুদের বিবরণ এবং জীবিত উদ্ধারৃ
জাহাজটিতে থাকা মোট ২৪ জন ক্রুর মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশের নাগরিক। জাহাজটির পরিচালনাকারী সংস্থা ‘ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড’ থেকে জরুরি সহায়তার আবেদন পাওয়ার পর ভারতের শ্রী বিজয়পুরমের (পোর্ট ব্লেয়ার) মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (MRCC) তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। ওই রুটে চলাচলকারী ‘এমটি আইসোপোস’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হলে তারা সমুদ্রের বুকে ভাসমান লাইফ র্যাফট (উদ্ধারকারী ভেলা) থেকে ২ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে উদ্ধারকৃত এই দুই নাবিকের পরিচয় এবং শারীরিক অবস্থা এখনো বিস্তারিত জানা যায়নি।
নিখোঁজ নাবিক ও উদ্ধার অভিযানের বর্তমান পরিস্থিতি
বাংলাদেশের একমাত্র নাবিকসহ বাকি ২২ জন ক্রু এখনও মাঝসমুদ্রে নিখোঁজ রয়েছেন, যাদের অবস্থান বা ভাগ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। নিখোঁজদের সন্ধানে ভারতীয় কোস্ট গার্ডের তিনটি অত্যাধুনিক জাহাজ—‘আইসিজিএস বরদ’, ‘আইসিজিএস অনমোল’ এবং পোর্ট ব্লেয়ার থেকে পাঠানো ‘আইসিজিএস বিজিত’ গভীর সমুদ্রে নিরলসভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বিমানও এই সমন্বিত যৌথ অভিযানে অংশ নিয়েছে। বিরূপ আবহাওয়ার মধ্যে সমুদ্রের বিশাল এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে এবং ওই অঞ্চলে অবস্থানরত অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকেও লাইফ র্যাফট বা নিখোঁজ ক্রুদের সন্ধান পেলে দ্রুত উদ্ধারের জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে। জাহাজটি ঠিক কী কারণে আকস্মিকভাবে ডুবে গেল তা খতিয়ে দেখছে সমুদ্র কর্তৃপক্ষ।
মন্তব্য করুন