ঢাকা, ৪ অক্টোবর ২০২৬: দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী ও ঐতিহাসিক অধ্যায় শুরু হতে যাচ্ছে। দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলের পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত সরাসরি ট্রেন চলাচলের জন্য ১,০৭৭ কিলোমিটার দীর্ঘ এক বিশাল রেল নেটওয়ার্ক তৈরির মহাপরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি হবে বাংলাদেশের ইতিহাসের দীর্ঘতম সরাসরি রেল রুট। বাংলাদেশ রেলওয়ের সংশোধিত মাস্টারপ্ল্যান অনুযায়ী, এই মেগা করিডোরটি বাস্তবায়নে মোট ৫টি প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এতে প্রাথমিক সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বিঘ্নে যাত্রীবাহী ট্রেন এবং দ্রুতগতির মালবাহী কনটেইনার পরিবহন নিশ্চিত করা, যা দেশের সামগ্রিক অর্থনীতি ও পর্যটন শিল্পে এক অভূতপূর্ব বিপ্লব ঘটাবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এই দীর্ঘ করিডোরটি চালু করতে মূলত পাঁচটি রুটের আধুনিকায়ন, ডুয়েলগেজ ও ব্রডগেজে রূপান্তর এবং নতুন সংযোগ লাইন স্থাপন করা হবে। রুটগুলো হলো— সান্তাহার–বগুড়া, বগুড়া–সিরাজগঞ্জ, টঙ্গী–আখাউড়া, লাকসাম–চট্টগ্রাম এবং চট্টগ্রাম–দোহাজারী রেলপথ। এই পরিকল্পনার অংশ হিসেবে সান্তাহার হয়ে বগুড়া-সিরাজগঞ্জ রুটে নতুন ডুয়েলগেজ রেলপথটি তৈরি হলে বর্তমান রুটের তুলনায় দূরত্ব প্রায় ১১৪ কিলোমিটার কমে আসবে এবং উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ আরও সহজ হবে। এছাড়া, ট্রেনগুলোকে ঢাকা (কমলাপুর) স্টেশনে প্রবেশ না করিয়ে সরাসরি চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়ার জন্য টঙ্গী ও পূবাইলের দিকে বিশেষ কর্ড লাইন বা সংযোগ লাইন তৈরি করা হচ্ছে । এর ফলে টঙ্গীতে গিয়ে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর দীর্ঘদিনের জটিলতা ও সময় অপচয়ের অবসান ঘটবে। পুরো করিডোরের পুরনো মিটারগেজ লাইনগুলোকে সরিয়ে পর্যায়ক্রমে একটি সমন্বিত ব্রডগেজ বা ডুয়েলগেজ সিস্টেমে রূপান্তর করা হবে। প্রকল্পগুলো সম্পূর্ণ বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের কৃষিপণ্য যেমন কম খরচে পর্যটন নগরী ও বন্দরে পৌঁছাবে, তেমনি কক্সবাজারের লবণ ও শুঁটকি সারা দেশে দ্রুত পরিবহন করা সম্ভব হবে, যা দেশের রেলের পণ্য পরিবহনের সক্ষমতা প্রায় ১০ গুণ বাড়িয়ে দেবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন