নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজারে বড় ৫টি আমদানিকারক ও সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে দেশের শীর্ষ পাঁচ কোম্পানি— আইগ্যাজ, ওমেরা, পেট্রোম্যাক্স, বিএম এনার্জি এবং যমুনা এলপিজির নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ উঠেছে, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত এলপিজি গ্যাস মজুত ও আমদানি থাকা সত্ত্বেও, এই কোম্পানিগুলো গত ২২ সেপ্টেম্বর থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের আমদানিকৃত এলপিজি কার্গো এবং চালানের সরবরাহ আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে।
এদিকে সরবরাহ সংকটের অজুহাতে খুচরা বাজারে সাধারণ ভোক্তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সরকারি সর্বোচ্চ খুচরা মূল্য ১,৫৮৫ টাকা নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু এই সিন্ডিকেটের কারসাজিতে মাঠপর্যায়ে সাধারণ মানুষকে একেকটি সিলিন্ডার কিনতে হচ্ছে ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত ব্যয়ে। ফলে নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি প্রায় ৪০০ থেকে ৫০০ টাকারও বেশি গুনতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে। গোয়েন্দা প্রতিবেদনে এই অসাধু চক্রের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে বলে সতর্ক করা হয়েছে। একই সাথে বাজার নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং এই পাঁচ কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) তাদের সদস্য এবং ডিলারদের সরকারি মূল্যে গ্যাস বিক্রির নির্দেশ দিলেও, বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
মন্তব্য করুন