দেশে নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ বাড়াতে এবং বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিকভাবে উৎসাহিত করতে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক গেজেটের মাধ্যমে এই নীতিমালা কার্যকর করা হয়েছে। চূড়ান্ত এই নীতিমালায় কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার নতুন ইক্যুইটিভিত্তিক বিদেশি বিনিয়োগ আনতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে আর্থিক প্রণোদনা দেওয়ার বিধান রাখা হয়েছে। সে হিসাবে ১০ লাখ ডলারের বিনিয়োগ আনতে পারলে প্রণোদনা হিসেবে ১২ হাজার ৫০০ ডলার পাওয়া যাবে। এর আগে খসড়া প্রস্তাব ও সংসদীয় আলোচনায় ১ দশমিক ৫ শতাংশ প্রণোদনার কথা আলোচিত হলেও চূড়ান্ত গেজেটে তা ১ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, বিদেশি বিনিয়োগের সম্ভাব্য উৎস খুঁজে বের করা এবং দেশে বিনিয়োগ আনতে ভূমিকা রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘লিড জেনারেটর’ হিসেবে বিবেচনা করা হবে। দেশের সাধারণ নাগরিক, প্রবাসী বাংলাদেশি (এনআরবি) এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি এই প্রণোদনার জন্য আবেদন করতে পারবেন। তবে এই প্রণোদনা কেবল নতুন ইক্যুইটিভিত্তিক বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে; বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগ এতে অন্তর্ভুক্ত হবে না। এছাড়া অর্থ পাচার প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিনিয়োগের দুই বছর আগে ও পরের নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট বিদেশি বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানের সঙ্গে আবেদনকারীর কোনো ধরনের স্বার্থের সংঘাত থাকা যাবে না বলে শর্ত দেওয়া হয়েছে।
আবেদন ও মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা রাখতে নীতিমালায় কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। প্রণোদনা পেতে হলে বিনিয়োগ দেশে আসার আগেই নির্ধারিত অনলাইন পোর্টালে প্রাক্-নিবন্ধন করে ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ সংগ্রহ করতে হবে এবং বিনিয়োগের অর্থ ব্যাংকে নগদায়নের (এনক্যাশমেন্ট) ৩০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। নীতিমালার তথ্যানুযায়ী, আবেদন মূল্যায়নের জন্য ১০০ নম্বরের একটি মানদণ্ড রাখা হয়েছে। এতে প্রাথমিক যোগ্যতা ও প্রয়োজনীয় দলিলপত্রের জন্য ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর, বিনিয়োগকারীর সুপারিশের জন্য ২০ নম্বর, বিনিয়োগের আকার ও অর্থনৈতিক প্রভাবের জন্য ২০ নম্বর এবং স্বার্থের সংঘাতমুক্ত থাকার জন্য ১০ নম্বর বরাদ্দ রয়েছে। প্রণোদনার জন্য যোগ্য বিবেচিত হতে আবেদনকারীকে এই মূল্যায়নে অন্তত ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।
নীতিমালায় প্রণোদনার অর্থ দুই ধাপে বিতরণের নিয়ম রাখা হয়েছে। আবেদন অনুমোদন এবং বিদেশি বিনিয়োগের অর্থ দেশে আসা নিশ্চিত হওয়ার পর প্রথম ধাপে মোট প্রণোদনার ৫০ শতাংশ অর্থ স্থানীয় মুদ্রায় প্রদান করা হবে। পরবর্তীতে এক বছর পর প্রকল্পের কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি কিংবা বাণিজ্যিক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি এবং ইক্যুইটি বহাল থাকার শর্ত পূরণ সাপেক্ষে অবশিষ্ট ৫০ শতাংশ অর্থ ছাড় করা হবে। প্রবাসী বাংলাদেশি আবেদনকারীরা প্রযোজ্য বিধি অনুসরণ করে অর্জিত প্রণোদনার অর্থ দেশের বাইরে স্থানান্তর করার সুযোগও পাবেন।