অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে হওয়া প্রকৃত বিক্রির তথ্য গোপন করে এবং ভ্যাট রিটার্নে কম বিক্রি দেখিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিচ্ছে দেশের নামীদামি রেস্তোরাঁগুলো। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রাথমিক অনুসন্ধানে দেশের আটটি পরিচিত ফ্র্যাঞ্চাইজি রেস্তোরাঁর ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মিলিয়ে ২৯টি শাখায় মাত্র এক মাসেই প্রায় ২ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকার বিক্রির তথ্য গোপন করার প্রমাণ পাওয়া গেছে।
অনুসন্ধান প্রতিবেদনের তথ্য অনুযায়ী, খাদ্য সরবরাহকারী তিনটি প্রধান অনলাইন প্ল্যাটফর্ম—ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুড থেকে নিবন্ধিত রেস্তোরাঁর তালিকা সংগ্রহ করে ভ্যাট গোয়েন্দা বিভাগ। নমুনা হিসেবে বাছাই করা ২৯টি রেস্তোরাঁর ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট দাখিলপত্রের (রিটার্ন) সঙ্গে ওই তিনটি প্ল্যাটফর্মের বিক্রির তথ্য তুলনা করে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো শুধু অনলাইনেই মোট ৬ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৯১৫ টাকার খাবার বিক্রি করেছে। অথচ ভ্যাট রিটার্নে তারা তাদের সর্বমোট বিক্রি দেখিয়েছে মাত্র ৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১২৫ টাকা। অর্থাৎ, সরাসরি আউটলেটে বিক্রির হিসাব বাদ দিলেও কেবল অনলাইন বিক্রির তুলনাতেই প্রায় ৩ কোটি টাকার হিসাব গোপন করা হয়েছে।
প্রতিবেদনে উঠে আসা শীর্ষ কয়েকটি প্রতিষ্ঠানের বিক্রির অসংগতির চিত্রে দেখা যায়, বার্গার এক্সপ্রেসের ৫টি শাখায় (বনানী, কলাবাগান, মিরপুর, মোহাম্মদপুর ও বেইলি রোড) মোট ৯৭ লাখ ৮৩ হাজার টাকার বেশি বিক্রি গোপন করা হয়েছে। এছাড়া পিৎজা বার্গের ৯টি শাখায় অনলাইন বিক্রি ২ কোটি ১০ লাখ ৪৪ হাজার টাকা হলেও রিটার্নে দেখানো হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার টাকা; যেখানে গোপন করা হয়েছে প্রায় ৮৪ লাখ ৬ হাজার টাকা। একইভাবে সুলতান'স ডাইনের গুলশান, মিরপুর, সিলেট ও চট্টগ্রাম শাখায় ৫০ লাখ ৪ হাজার ৯৭৮ টাকা, চিলক্সের ৩টি শাখায় ২৬ লাখ ৩ হাজার ৬০১ টাকা এবং ধানমন্ডির লালবাগ বিরিয়ানি হাউসে ১২ লাখ ৮৮ হাজার ৩৬৭ টাকার বিক্রির তথ্য গোপন করার প্রমাণ মিলেছে।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের পর্যবেক্ষণে বলা হয়েছে, সাধারণত রেস্তোরাঁগুলোর মোট বিক্রির সর্বোচ্চ ১০ শতাংশ অনলাইনে এবং বাকি ৯০ শতাংশ সরাসরি আউটলেটে হয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানগুলোর শুধু অনলাইন বিক্রিই রিটার্নে দেখানো মোট বিক্রিকে ছাড়িয়ে গেছে। এর ফলে সরাসরি আউটলেটের সিংহভাগ বিক্রির রাজস্বও পুরোপুরি ফাঁকি দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এই প্রাথমিক তথ্যের ভিত্তিতে সারাদেশে অনলাইন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ৬ থেকে ৭ হাজার রেস্তোরাঁর বিগত পাঁচ বছরের লেনদেনের তথ্য যাচাই করে বকেয়া রাজস্ব আদায়ের জন্য দেশের সব কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।