আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে মাত্র এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযানে এই বিপুল সংখ্যক প্রবাসীকে বহিষ্কার করা হয়। একই সময়ে আবাসন ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে আরও ১১ হাজার ৫৮৭ জন বিদেশি নাগরিককে আটক করেছে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা গেছে, আটককৃতদের মধ্যে ৬ হাজার ৪৩ জন আবাসন বা আকামা আইন, ৩ হাজার ১৯১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৩৫৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
অভিযান চলাকালীন অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬৭৮ জনকে এবং অবৈধভাবে দেশত্যাগের চেষ্টাকালে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয় দেওয়া, কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং পরিবহনের সুবিধা দেওয়ার অপরাধে ২৯ জন ব্যক্তিকেও আইনের আওতায় এনেছে দেশটির প্রশাসন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা বা আশ্রয় দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। বর্তমানে ৪১ হাজার ১০৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সচল রয়েছে, যার মধ্যে ২৩ হাজারেরও বেশি প্রবাসীকে জরুরি ভ্রমণ নথিপত্র বা আউটপাস সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাসের সাথে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের আইনি সুরক্ষায় সৌদিতে অবস্থান নিশ্চিত করতে দেশটির সরকার এই ধরনের চিরুনি অভিযান আরও জোরদার করছে বলে রিয়াদের পক্ষ থেকে জানানো হয়েছে।