সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এই যাত্রাবিরতি করেন। বিমানবন্দরে রাজাকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং ভিভিআইপি লাউঞ্জে তাঁর সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংক্ষিপ্ত হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ও ঐতিহাসিক সম্পর্কের নানান দিক নিয়ে আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান ভুটানের রাজা। জবাবে রাষ্ট্রপতি ভুটানের রাজাকে ধন্যবাদ জানান এবং ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভুটানের স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক মুহূর্তটি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। রাজা জিগমে খেসার তাঁর দেশের উচ্চাভিলাষী ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এই মেগা প্রজেক্টে বাংলাদেশের সহযোগিতা কামনা করলে রাষ্ট্রপতি গভীর আগ্রহ প্রকাশ করেন। পারস্পরিক সদ্বিচ্ছার অংশ হিসেবে রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং রাজা ওয়াংচুকও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান ভ্রমণের আমন্ত্রণ জানান।
এই উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর ভুটানের রাজাকে বহনকারী বিশেষ ফ্লাইটটি সকাল সাড়ে ৬টার দিকে থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করে।